সাংবাদিকের ওপর হামলা, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের নামে মামলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

পটুয়াখালী জেলা প্রতিনিধি :- পটুয়াখালীতে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি গোপাল হালদার রাহুলের ওপর হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাংবাদিকের বড় ভাই সুমন চন্দ্র হালদার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলাটি করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বড় চৌরাস্তার ফুট ওভারব্রিজের নিচে বিসমিল্লাহ স্টোরের সামনে গোপাল হালদারের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাকে মারধর ও হত্যাচেষ্টার পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

 

মামলায় অন্য আসামিরা হলেন—আবু রাইয়ান শাকের, মারুফ হাসান, আসাদুল্লাহ হাসান মুসা, তানজিল ইসলাম ও রুশদা ইসলাম রিপা।

 

এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মিরাজ ইমতিয়াজের বিরুদ্ধে জুলাই যোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে ভুয়া নথি ব্যবহারের অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন গোপাল। এরপর থেকেই তার ওপর ক্ষুব্ধ ছিলেন মিরাজ এবং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ বাদীর।

 

হামলার সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

 

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে গোপাল হালদারকে ধরে রেখে মারধর করতে দেখা যায়।

 

সাংবাদিক গোপাল হালদার অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে এর আগেও তার ওপর হামলার চেষ্টা হয়েছিল। এবার সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তার পায়ে গুরুতর আঘাত করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি মিরাজ ইমতিয়াজ। তার দাবি, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর সরকারি সহায়তার জন্য আবেদন করেন এবং পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত হয়। গোপালের প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তিনি আরও বলেন, এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও গোপাল ছড়িয়ে দিয়েছেন।

 

এ ঘটনায় এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরি ও ছড়ানোর অভিযোগে গোপাল হালদারের বিরুদ্ধেও সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন ছাত্রশক্তির নেত্রী রুশদা ইসলাম রিপা। হামলার পরদিন তিনি বাদী হয়ে মামলাটি করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষই থানায় মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।