দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শিল্পনগরী আল্লারদর্গা বাজারে রিওন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।সোমবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক আক্কাস বিশ্বাস জানান, চুরির ঘটনায় দোকানে থাকা নগদ ১৪ হাজার ৭০০ টাকা এবং আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোরের দল।
ঘটনার পর খবর পেয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ছয়টার দিকে মুখ ও চোখ ঢেকে চারজন চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে দোকান খুলতে এসে মালিক আক্কাস বিশ্বাস দোকানের ভেতরের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে দৌলতপুর থানায় বিষয়টি অবহিত করেন।
চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে দোকানের তিনজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন, স্বর্ণের দোকানে চুরির খবর পেয়ে আমি ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দোকানের তিনজন কর্মচারীকে থানায় আনা হয়েছে। দোকান মালিক এখনো লিখিত অভিযোগ দেননি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





