যশোর জেলা প্রতিনিধি :- যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৭টার দিকে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
এ সময় কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার হাতে হাতকড়া পরানো হলে কৌশলে তিনি পালিয়ে যান।
ঘটনার পর হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওই মাদকসেবীকে খুঁজতে শুরু করে পুলিশ।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমান। তিনি মুঠোফোনে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, শরীর ভালো না, আমি অসুস্থ। হাতকড়া নিয়ে পালানোর বিষয়ে আমি কিছুই জানি না।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, শুনেছি একজন মাদকসেবী পুলিশের হ্যান্ডকাপ (হাতকড়া) পরা অবস্থায় পালিয়েছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




