কুয়েতে ড্রোন হামলা ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক ডেস্ক:- মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পাশাপাশি ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে উপসাগরীয় দেশ কুয়েত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময়ে এ হামলার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের ফল।

এর আগে হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টা আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর কথা জানায় ইরান।

মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি বলেন, ‘কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে এসব হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এদিকে আল জাজিরাকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, ইরানের বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ইরানের পাঠানো ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।