দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি ও ভারতীয় মদ উদ্ধার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের মূল্যবান সম্পদ রক্ষায় কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক তিনটি অভিযানে ৯৪.২৫০ কেজি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৫ লাখ ১৫ হাজার টাকা।

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিন্দা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৪.২৫০ কেজি কষ্টি পাথরের মূর্তি (শিবলিঙ্গ) উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

অন্যদিকে, ১৮ নভেম্বর রোববার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মাদপুর মাঠে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।

একই দিন রাতে তেঁতুলবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তেঁতুলবাড়ি মাঠপাড়া মাঠে পৃথক অভিযান পরিচালনা করে আরও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের মূল্যবান সম্পদ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে ব্যাটালিয়নের সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিজিবির এ ধরনের অভিযান শুধু অবৈধ মালামাল উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জাতীয় সম্পদ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একটি নিরাপদ, সুরক্ষিত ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।