কাকলি সুলতানা ঢাকা:- রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভেঙে যায়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেন কার্যালয়ের কর্মকর্তারা।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী বলেন, হামলাকারীদের মধ্যে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী ছিলেন। গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার বিষয়ে তারা গোয়েন্দা সতর্কতা পেয়েছিলেন বলেও জানান তিনি। তার দাবি, হামলাটি মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করে চালানো হয়েছে। সম্প্রতি মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযান এর কারণ হতে পারে বলে তিনি মনে করছেন।
তবে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার জানিয়েছেন, সকালে শ্রমিকেরা সড়কে নেমেছিলেন এবং সেখান থেকে কয়েকটি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটতে পারে। হামলার ঘটনায় এখন পর্যন্ত মামলা বা গ্রেপ্তারের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।




