মমিনুর রহমান স্টাফ রিপোর্টার :- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেছেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ীই সিদ্ধান্ত নেবে এবং আইন ও সংবিধান মেনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশপ্রধান এসব কথা বলেন।
জনগণের সহযোগিতা ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থানের আহ্বান আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষের বিপরীতে পুলিশ সদস্য থাকতে পারেন মাত্র ২০ জন। তাই স্থানীয় মানুষের মানসিক সমর্থন ও সহযোগিতা ছাড়া অল্পসংখ্যক পুলিশের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করা কঠিন। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবাইকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার আহ্বান জানান।
গোপালগঞ্জের বর্তমান অবস্থা ভালো রয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এই স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের সংখ্যা খুব বেশি নয় মন্তব্য করে তিনি তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সহিংসতা ও রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, জনগণের চাওয়া বিবেচনা করেই সরকার আইন ও সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেবে।
এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লাগাতার কর্মসূচির ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অতীতেও বাংলাদেশে অনেক লাগাতার কর্মসূচি হয়েছে এবং সেগুলোর পরিণতি কী হয়েছে, তা সবাই দেখেছে। পুলিশ বাহিনী সব সময় শান্তির পক্ষে এবং দেশে শান্তি বজায় রাখতেই কাজ করছে।
এর আগে শুক্রবার সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সরেজমিনে দেখতে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।




