কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার :- বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীরই একজন কর্মকর্তা ছিলেন, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অনন্য ও গৌরবময় ঘটনা। ১৯৭১ সালের ২১ নভেম্বরের স্মৃতিচারণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত পাল্টা আক্রমণের সূচনা করেন। এই সমন্বিত আক্রমণের ফলে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা পায়, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও দেশপ্রেমের ভূমিকা সশস্ত্র বাহিনীকে জাতির গর্বিত প্রতিষ্ঠান ও স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করেন তারেক রহমান। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক পেশাদার বাহিনীতে রূপান্তর করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও এর আধুনিকায়ন অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে বর্তমান সরকারও সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু একাত্তরের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। এ ছাড়া দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময় এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালালেও দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনীর সাফল্যযাত্রা অব্যাহত রয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশের সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছেন। শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটি হিসেবে এই অর্জন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
বাণীর শেষে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহী মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার জন্য জীবনদানকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণ কামনা করেন।




