কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র এবং ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
এ সময় দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁরা দুজনই অটোরিকশার চালক। বিজিবি জানায়, দেশে বড় ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব অস্ত্র-গুলি ও বিস্ফোরক সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পাচার রোধে সড়কে তল্লাশিচৌকি বসায় কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি এবং অভিযানে অস্ত্র-বিস্ফোরকসহ দুই চালককে আটক ও যানবাহনগুলো জব্দ করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




