মবিনুর রিমন ঢাকা:– দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজার জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দায়িত্ব পালনরত এসব সদস্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সহিংসতা মোকাবিলায় স্থানীয় জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। দায়িত্বরত সদস্যদের সঙ্গে থাকা ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ফুটেজ সদর দপ্তর থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




