আগারগাঁওয়ে আজ শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, এবারের মেলায় সারা দেশ থেকে সাড়ে চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত।

 

জিডিপিতে অবদান বাড়ানোর লক্ষ্য অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। তবে সরকার এ অবস্থানে সন্তুষ্ট থাকতে চায় না; বরং আগামী দিনে জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

 

সর্বশেষ সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ বা ১ কোটি ১৭ লাখ প্রতিষ্ঠানই সিএমএসএমই খাতের আওতাভুক্ত। শিল্প খাতের প্রায় ৮৫ শতাংশ জনবল বা প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এ খাতে রয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ উদ্যোক্তা ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী।

 

মেলায় যা থাকছে ও সময়সূচি আয়োজকদের সূত্রে জানা গেছে, মেলায় চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, জুয়েলারি এবং তথ্য-প্রযুক্তিসহ নানা খাতের দেশীয় পণ্য প্রদর্শিত হবে। এ ছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত উদ্যোক্তাদের জন্য থাকছে আলাদা প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী মেলা উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা অনস্বীকার্য। বিশ্ববাজারে টিকে থাকতে পণ্যের গুণগত মানোন্নয়ন ও আধুনিক বিপণন কৌশলের ওপর জোর দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই মেলা দেশ-বিদেশে দেশীয় পণ্যের পরিচিতি ও ক্রেতা-বিক্রেতার সংযোগ বাড়াবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে এসএমই মেলাকে নতুন বাজার সৃষ্টি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে উদ্যোক্তাদের সেতুবন্ধন তৈরির এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করেন। তরুণ সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।