শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে বাসবাসকারী বাংলাদেশী নারী ও শিশুসহ দশ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ জুলাই) ভোর ছয়টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮/৩ এস নং পিলার সংলগ্ন এলাকা থেকে পুশইন করা হয়।

পরবর্তীতে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে পুলিশে হস্তান্তর করে।

আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন, মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী, মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম, মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু, আলম আমীনের ছেলে কাজল, জামালের স্ত্রী ফাতেমা, আল আমীনের ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের কন্যা লামিয়া ও শিশু রাবিয়া।

আটককৃতরা জানান, দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত আমজাদ আলীর চিকিৎসার জন্য অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তারা। পরে আমজাদ আলী সেখানে মারা গেলে বাকিরা সেখানেই রয়ে যান এবং শ্রমিকের কাজ করেন। সম্প্রতি স্থানীয় লোকজন টের পেয়ে ভারতীয় পুলিশের হাতে তাদের ধরিয়ে দেয়। পরে ভারতীয় পুলিশ বিএসএফের হাতে হস্তান্তর করলে শুক্রবার ভোরে নালিতাবাড়ীর পানিহাতা সীমান্তপথে তাদের পুশইন করা হয়।

ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান ও নালিতাবাড়ী থানা ওসি সোহেল রানা পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।