নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশে রওনা দেন।
তারা চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় পৌঁছলে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এক পথচারী নারীকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।





